সোমবার, ১৫ জুলাই, ২০১৩

ভূতের গ্রাম-পঞ্চায়েত ভোট ....সমর কুমার সরকার / শিলিগুড়ি



ভূতের গ্রাম-পঞ্চায়েত ভোট
***************************

গভীর রাতে বিশাল বটের তলায় জমায়েত,
ভূতেরা সব ঠিক করেছে,গড়বে পঞ্চায়েত।
এতদিন তো ব্রহ্মদৈত্য করতো মাতব্বরি,
স্বজন পোষণ,ধনীর তোষণ,নানান কেলেঙ্কারি।
ভূতের সমাজ ঠিক করে তাই,মানুষেরই মত,
গড়বে নতুন গ্রামসভা;ভূত করে মনোনীত।
নানা গ্রামের প্রধান পদে একটি ক'রে আসন,
বেছে নিতে ভূত-প্রেতেরা লড়বে নির্বাচন।

আষাঢ় মাসের অমাবস্যার রাতে হবে ভোট,
নির্বাচিত গ্রাম প্রধানের হবে নতুন জোট।
জোটের নেতা হবেন যিনি,তিনিই হবেন রাজা,
তার কথা যে শুনবে না,সে পাবে কঠোর সাজা।
ভূত-পেত্নীর থাকবে না ভেদ,সমান অধিকার,
প্রার্থী হয়ে ভোটে দলের করবে সে প্রচার।
কলার পাতায় নানা দলের প্রতীক হবে ছাপা,
প্রতি ভূতের একখানি ভোট,হিসাব করে মাপা।

বামপন্থী ব্রহ্মদৈত্য,প্রতীক 'মাথার খুলি',
হেঁড়ে গলায় করলো প্রচার,এ গলি,সে গলি।
ডানপন্থী শাঁখচুন্নী,প্রতীক 'বুনো ফুল',
এমন ভীষণ করলো প্রচার,জাগলো হুলুস্থূল।
সমাজবাদী স্কন্ধকাটা-র প্রতীক 'গাছের ডাল',
ভোট প্রচারে গিয়ে কেবল করলো গালাগাল।
উপজাতির একনড়ে ভূত,প্রতীক 'পায়ের হাড়',
ভয় দেখালো,ভোট না দিলে,দেবে বেদম মার।

গেছো ভূত আর মেছো ভূত,আর গো-ভূতেরা মিলে,
দলের প্রতীক না পেয়ে শেষ দাঁড়ালো নির্দলে।
ঝোপে-ঝাড়ে,মাঠ-ভাগাড়ে,চললো প্রচার টানা,
ফিসফিসিয়ে লোভ দেখালো,ভরসা দিল নানা।
সবার মুখে একই কথা,"লড়িয়ে দিয়ে জান,
করবো সকল ভূতের সেবা,যে যতটা চান।
ভূত দাদারা,ভূত ভায়েরা,পেত্নী মা আর বোন,
ভোট টি দিয়ে জয়ী করুন,রাখছি আবেদন।"

অবশেষে আষাঢ় মাসের নির্ধারিত রাতে,
হাজার হাজার ভূত-পেত্নী দাঁড়িয়ে লাইনেতে,
একে একে প্রতীকেতে রক্তে দিয়ে ছাপ,
রাত দুপুরে করলো যে শেষ ভোটের প্রথম ধাপ।
শেষ রাতেত,গণনাতে এটাই গেল দেখা,
শাঁখচুন্নী সবার বেশী ভোট পেয়েছে একা।
জোটের নেত্রী হয়ে তিনি,হলেন ভূতের রাণী,
তার শাসনে ভূতেরা সব সুখী হবেন জানি।

বলতে পারো,এ সব খবর আমি পেলাম কোথায়?
খোলসা করে সত্যি কথা বলছি তবে তোমায়।
বর্ষা রাতের ঠাণ্ডা হাওয়ায় ঘুমিয়ে ছিলাম একা,
সেই সুযোগে স্বপ্নে আমায় দিলেন তারা দেখা।
তাদের রাজ্যে ঘটছে যা তার ধারা বিবরণী,
টাটকা,তাজা দেখিয়ে দিলেন,কি ভেবে কি জানি !
লেখক ছাড়া তাদের কথা বলার কে আর আছে,
ভূতেরা তো সব শিখেছে,মানুষেরই কাছে।

***********************************************
     সমর কুমার সরকার / শিলিগুড়ি
***********************************************

রবিবার, ১৪ জুলাই, ২০১৩

আজ শ্রাবনের ধারার মত অশ্রু ঝরে / ত্রিভুবন জিৎ মুখার্জী ........১৪.০৭.২০১৩ /রাত ০৯.৫৩




আজ শ্রাবনের ধারার মত অশ্রু ঝরে

তোমার বিরহের বেদনা তে রক্ত ঝরে

মুখে নেই ভাষা আছে সুধু ভালোবাসা

বুঝি আমি তোমার চোখের যে ভাষা ...... (১)


অশনি সঙ্কেত ওই আকাশে গুরু গম্ভীর নাদে

মেঘের পরশে আজ বাতাস যে কাঁদে

তবু ঝরে মোর আঁখি হতে অবিশ্রান্ত ধারা

কম্পিল যে আজ মৃদু তালে ধরনি ধরা ......... (২)


তোমারি ছবি দেখি মনের আঙ্গিনায়

ভুলিনিগো তোমারে ভুলিনি যে হায়


বিরহ যাতনা যে আর নাহি সয়

স্মৃতিটুকু রেখেছি মনে এই ভরসায় 


ফিরিয়া আসিবে তুমি সেই ভরসায় .............( ৩ )


আজ শ্রাবনের ধারার মত অশ্রু ঝরে

তোমার বিরহের বেদনা তে রক্ত ঝরে
.
ত্রিভুবন জিৎ মুখার্জী ........১৪.০৭.২০১৩ /রাত ০৯.৫৩ 


অনেক দিনের মনের মানুষ যেন এলে কে
কোন্ ভুলে-যাওয়া বসন্ত থেকে ।।
যা-কিছু সব গেছ ফেলে খুঁজতে এলে হৃদয়ে,
পথ চিনেছ চেনা ফুলের চিহ্ন দেখে ।।
বুঝি মনে তোমার আছে আশা-
আমার ব্যথায় তোমার মিলবে বাসা ।
দেখতে এলে সেই-যে বীণা বাজে কিনা হৃদয়ে,
তারগুলি তার ধুলায় ধুলায় গেছে কি ঢেকে ।।

মখছুছ চৌধুরী :: সূ-প্রভাত ::


:: সূ-প্রভাত ::
**********

সূ-প্রভাত সূ-প্রভাত
কেটেছে কলুষ আধার রাত ।
পূর্ব গগনে, নবীন বরণে-
হয়েছে ঊষার সূত্রপাত ।
সূ-প্রভাত ।

খোল খোল দ্বার খোল সবে,
এসো এসো নব কলরবে,
ঝরা শেফালী কামিনীরা-
দেখো- করছে নয়নপাত ।
সূ-প্রভাত ।

কর হাত মুখ প্রক্ষালন,
আননে পর হে নব বসন,
ঝাকিয়ে অঙ্গ, অলস ভাঙ্গো-
সকলে ঊষার সাথ ।
সূ-প্রভাত ।

দেখো ফুল পাখি প্রিয় রবে,
ডাকে আয় আয় আয় সবে,
নবীন রুপে, বিশ্ব ভূপে-
সাজাতে নব প্রভাত ।
সূ-প্রভাত ।

জপ অবিরাম প্রভূর নাম,
গুরুজনে যত কর প্রণাম ।
নীতি'র ধর্মে, পূণ্য কর্মে-
কর হে দিনাতিপাত ।
সূ-প্রভাত ।

দিকে দিকে সবে ছড়িয়ে যাও,
আপন রিজিক কুড়িয়ে নাও ।
গাও হে শোকর, আপন প্রভূর-
সতত দিবস রাত ।
সূ-প্রভাত ।

দীনজনে যত করো দয়া,
অনাথেরে দাও স্নেহ মায়া ।
মানবে সেবা, করিবে যেবা-
রবে সে প্রভূর সাথ ।
সূ-প্রভাত ।

হৃদি-
পূর্ণ রাখো হে ভক্তিতে,
পাবে প্রতিদান মুক্তিতে ।
ঈমানের বল, করিবে সফল-
দুনিয়া ও আখিরাত ।
সূ-প্রভাত ।

বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৩

কবি ও কবিতা : আহা , বেশ বেশ !!! /অভিলাষা দাশগুপ্ত আদক





কলম বেয়ে শব্দ এলো,
এলো কবিতার রেশ।
কবিমনে  ভাবনা এলো
আহা ,বেশ বেশ !!!

ভর দুপুরে গরমকালে
পুড়ছে যখন দেশ।
কবির লেখায় জমছে বরফ
আহা ,বেশ বেশ !!!

ফাগুন এলো, পলাশ এলো,
জুবুথুবু শীত শেষ।
কবির কলম আগুন ছোটায়,
আহা ,বেশ বেশ !!!

বাঁধনহারা স্বপ্ন এলো,
ঘুচলো ভেদ বিদ্বেষ।
সুখের প্রাণ গড়ের মাঠ,
আহা ,বেশ বেশ !!!

পীরিত রঙ্গে মন রাঙ্গলো

ফ্যাচাংয়ের নেই শেষ।
খাতার পরে খাতা ফুরায়,
আহা ,বেশ বেশ !!!

ছন্দ গানে, কবির মনে,
লাগছে দোলা বেশ।
কবিতার বেগ চাগিয়ে ওঠে,
আহা ,বেশ বেশ !!!

মরছে কবি কলম পিষে,
ব্যাকরণের দিন শেষ।
কাব্যলক্ষ্মীর ভাঁড়ে ভবানী,
আহা ,বেশ বেশ !!!

লাগামছাড়া কথার মালা,
দিচ্ছে কথায় ঠেস।
‘ক’ লিখলেই কবিতা গজায়,
আহা ,বেশ বেশ !!!

রবিবার, ৭ জুলাই, ২০১৩

|| আয় বৃষ্টি ঝেঁপে || Shankar Bandopadhya

|| আয় বৃষ্টি ঝেঁপে ||

বর্ষা আসব আসব করেও আসছে না
জমাট বাঁধা মেঘ বুকে নিয়ে গোমড়ামুখো আকাশ
স্বতঃস্ফূর্ত বর্ষণ নেই, শুধু
মাঝে মাঝে চোখের জলের মত
গড়িয়ে পড়া দু-এক ফোঁটা মুক্তো ।

বৃষ্টি আমায় মাতাল করে
মনে নেশা ধরায়, চোখে রঙ দেয়
অনেকদিন আগে দেখা সেই মেয়েটাকে মনে পড়ে
যে বৃষ্টি মেখে হাতে তালি দিয়ে উঠেছিল ।
জলখেলা ভালবাসত মেয়েটা
সারা শরীরে জল ছড়িয়ে হেসে উঠত খিলখিল করে
তার সাথে বর্ষাস্নাত হয়েছি কতবার
হাতে হাত রেখে কতবার বলেছি – আয় বৃষ্টি ঝেঁপে......

বৃষ্টির প্রত্যেকটা ফোঁটা সে উপভোগ করতো
তার অনুভূতিপ্রবণ সারা অঙ্গ দিয়ে,
এক একটা ফোঁটা এসে পড়ত
তার শরীরের এক এক অংশে
আর সে শিউরে শিউরে উঠত, যেন
কোন পুরুষের গোপন স্পর্শ,
যেন কে তৃষিত ঠোঁটে আদর করছে তাকে ।
বর্ষা লাবণ্যময়ী হোত তার বিভঙ্গে,
তার বৃড়াবনত তনুর সৌকর্যে
শ্রাবণ উন্মাদ হোত বিপুল বর্ষণে
আমি দেখতাম, মাতাল হতাম আর বলতাম –
আয় বৃষ্টি ঝেঁপে......

এমন দীন বর্ষণ ভাললাগেনা আমার
উন্মত্ত বর্ষণ চাই এখন
বিরামহীন, অবিশ্রান্ত, শুধু ঝরবে আর ঝরবে
ধুয়ে দেবে সমস্ত মালিন্য, সমস্ত ক্লেদ
মেয়েটা আবার হেসে উঠবে খিল-খিল করে ।

সেদিনের সে, এখন পরিপূর্ণ নারী
প্রস্তুত হয়েছে নতুন সাজে
নাচবে বলে, হাততালি দেবে বলে
এখন কি তোর অমন কৃপণ হওয়া মানায় !

আয় না বৃষ্টি, ঝেঁপে.........

শনিবার, ৬ জুলাই, ২০১৩

আলি প্রানের লেখা কবিতা। রাতের আঁধারে আমি টের পাই

রাতের আঁধারে আমি টের পাই
বুকের ভেতরে তপ্ত দিবাকর
গ্রাসীছে প্রেমের গ্রহিকাকে
কালোগহ্বরে ছুড়ে ফেলি নিজেকে
দূরানুভূতিতে টের পাই
আমি নিঃস্ব নই, বুকে রয়ে গেছে
তোমার ভালোবাসার আবেশ
আলোকিত শ্মশানের শেষ মাথায়
জ্বালিয়ে আপন প্রভাতীর চিতা
জীবনে এনেছি চির সন্ধ্যা
নিশিরে বড্ড কাছে চাই, ঘৃণা করি চাঁদকে
আলো দেয় বলে
ওগো, অমানিষাই আমার সব
কৃষ্ণকায়ার জটিলতায়
নিরতঙ্ক মনের সেচ্চাচারিতায়
গ্রহান্তরের পথে ছুটছি
থামেনি হৃদয় দমেনি তেজ
মৃত্যুভয় করেনি আলিঙ্গন
আঁধারেরে বড় ভালোবাসি
কারণ প্রভাতী আমার নাই
প্রেমাতঙ্কের দিনে স্মরণে রাখি
প্রণয় পার্থীর আকুল প্রার্থণা
নিয়তি নামে অভিষাপ ঢালি
ললনা জাতির মোহনীয়তাকে
অথচ ভুলটাই আমার
স্বকীয়তার নির্লজ্জতা ঢাকতে
প্রভাতীদের অভিষাপ দিয়ে যাই