বুধবার, ১২ জুন, ২০১৩

‘এসেছে বরষা এসেছে নবীন বরষা, / জীবনানন্দ /





‘এসেছে বরষা এসেছে নবীন বরষা,
গগন ভরিয়া এসেছে ভুবন ভরসা –
দুলিছে পবনে সনসন বনবীথিকা,
গীতময় তরুলতিকা ।
শতেক যুগের কবিদলে মিলি আকাশে
ধ্বনিয়া তুলিছে মত্তমদির বাতাসে
শতেক যুগের গীতিকা ।
শশতগীতমুখরিত বনবীথিকা’ ।।

বর্ষা মানে খরতাপের অবসানে রসসিক্তা ধরনীতে নব-সৃষ্টির বীজ । বর্ষা মানেগান, কবিতাও । বর্ষা  মানে—
 ‘কেবল আঁখি দিয়ে  আঁখির সুধা পিয়ে হৃদয় দিয়ে হৃদি অনুভব’ । ’ বরিষণমুখরিত শ্রাবণ-রাত কবির কাছে তো এই বারতাই নিয়ে আসে -

“বালিশে মাথা রেখে যারা ঘুমিয়ে আছে
তারা ঘুমিয়ে থাকে;
কাল ভোরে জাগবার জন্য ।
যে-সব ধূসর হাসি, গল্প, প্রেম, মুখরেখা
পৃথিবীর পাথরে কঙ্কালে অন্ধকারে মিশেছিলো
ধীরে ধীরে যেগে ওঠে তারা;
পৃথিবীর অবিচলিত পঞ্জর থেকে খশিয়ে
আমাকে খুঁজে বা’র করে” । (জীবনানন্দ)

শুক্রবার, ৭ জুন, ২০১৩

দেয়াল .../সুবর্না গোস্বামি/



দেয়াল      

আমার ঘরের দেয়াল পাথুরে থাকেনা সব দিন, 
রাত্রিস্নান শেষে ঘরে এলে এক একদিন, 
নদী হয়ে ওঠে, বয়ে যেতে যেতে
থমকে দাঁড়িয়ে শোনে রাখালিয়া বাঁশি।

এক একদিন ওরা অক্ষরের মত কালো,
উন্মুখ রাতের শরীরে রেখে যায় কামনার দাগ।
পুরোনো ক্ষতেরা,এ ওর মুখ চেয়ে হাসে,
আজ দেয়ালে নাচবে ছায়া প্রতিশোধের।

এক একদিন সাজে নববধূর শাড়িতে,
স্বপ্নের চুমকি বসানো ওড়নায়;
এতো রোশনাই! গর্বে আমার পা পরেনা মাটিতে,
হাতের ছোট তালুতে আমার বেড়ে উঠছে চন্দন চারাগাছ।

এক একদিন গোধূলির মত
কিছু রঙ,কিছু অন্ধকার,
পানকৌড়ির শরীর নিয়ে দেয়ালে দিয়ে ডুব
ভেসে উঠি অন্যভুবনে, অন্য কোথাও, দেয়ালবিহীন।


সুবর্না গোস্বামি

বুধবার, ৫ জুন, ২০১৩

নিষিদ্ধ তরবারি ... সুজন ভট্টাচার্য ।




নিষিদ্ধ তরবারি

একমুঠো মৃত্যু ছাড়া
আর কিইবা দিয়ে যেতে পারি !
আর কতটুকু রেখে যেতে পারি
নিজস্ব বিশ্বাস বলে
প্রত্নের জমিতে!

নিমের কিরীট ছুঁয়ে যতকিছু ভালবাসা থাকে
তাদের ছায়ার ভাঁজেও ক্লান্তির পলি
ক্রমাগত উঁকি দেয় প্রসারিত ডানা
উদার রোদের মত সুগঠিত বুকে ।
যতটুকু আছে
তারো চেয়ে ধ্রুবরূপ জাগে
যারা সব নেই
সনাতনী জালের মত
প্রাচীন বিন্দুতে ।

অপ্রেমে যতদূর বাঁচি সন্ধ্যার গোচরে
ততটাই রেখে যাওয়া
অগণিত প্রেমের কাহনে ।
স্তব্ধ যদি নাই হওয়া গেল
আমার একান্ত থাক
নিষিদ্ধ তরবারি ।

....... সুজন ভট্টাচার্য ।

হৃদয় বন্দন/ কাজী আতীক


হৃদয় বন্দন/
কাজী আতীক

তোমাকে সব শোভন সোময় বুঝিয়ে দিলাম
পঙক্তি মালায় সাজিয়েছিলাম
সাঁঝ বিকেলের অরুণ আলোয় অর্ঘ আমার।

তোমাকে সব হৃদয় বন্দন শুনিয়েছিলাম
শুদ্ধ প্রেমের বর্ণালী রূপ বর্ণমালায়
সাজিয়েছিলাম শব্দমালায়
তোমাকে সব বর্ণচোরা ইচ্ছেগুলোও জানিয়েছিলাম।

তুমি কি খুব দুঃখ পেলে? নাকি অবাক হলে জেনে!
আমার দহন আমার মরণ হৃদয়ে তোমার সংগোপনে
যত্নে গড়া অরূপ রূপক নিরাবরণ হয়েও গেলে
চোখের পাতা ভিজে এলেও অশ্রু তুমি লুকিয়ে নিলে।

তাইতো তুমি চোখ তোলনি, কিছু বলতে চেয়েও মুখ খোলো নি
কেবল দহন পোড়ন দীর্ঘশ্বাসে কোন ও ব্যথা জানিয়ে দিলে।

(ঢাকা, ২৭ সেপ্টেম্বর ১৯৯৯)

অকৃতকার্য ইলা সরকার ।


অকৃতকার্য

              ইলা সরকার 

অদৃশ্য ধোঁয়ার কুণ্ডলী
অনাবৃত বায়ু স্তরে
জ্ঞাত-অজ্ঞাত আবেগ অনুরাগ
সুদৃশ্য পর্দার আড়ালে
আবার , করলে কিস্তিমাত !!

নিঝুম সন্ধ্যার ঘাট ,
উঠে আসে নগ্ন হৃদয়
বুক পাতি ঝোড়ো হাওয়ায়
নতুন কিছু আশায় -।
আজলা ভরে ছুড়ে ফেলি
হৃদয় থেকে কষ্ট
আজ বুঝি মুক্তির দিন ।

ভালবাসা স্মৃতিগুলো
নাড়ি চাড়ি - দুঃখ ভুলি ,
পরম যত্নে মণিকোঠায় ।

প্রাত্যহিক গ্লানি কড়া নাড়ে
ভোরের দুয়ার । চেতনার উদয় ।
কাল যে তোকে দিয়েছিলাম বনবাস ??

সীমান্ত পথিক কবি র লেখাঃ- অভিশপ্ত অসময়

সীমান্ত পথিক কবি র লেখাঃ-

অভিশপ্ত অসময়

কানের পাশ ঘেঁষে চলে গেছে মৃত্যুর উড়ো চিঠি
রুপসীর স্তনবৃত্তে বন্দী সুর্যসেনের বংশধর
সারমেয় স্বরে মিলেছে মাতালের সুখদুখ
জীবন বয়ে আনছে সরীসৃপ সময়
বিকেলের বুক জুড়ে কিশোরী অভিমান
ধোঁয়ার কুন্ডলী সব সদ্য স্বাধীন।

অবোধের গাল বেয়ে নেমে গেছে নির্বোধ উত্তাপ
অবাধ্য কবিতা বেছে নিচ্ছে সুবোধ শয়ন
সাগর বাষ্প হয়ে ছুঁয়েছে আকাশ
জল হয়ে নেমেছে ধরায় মেঘের দীর্ঘশ্বাস
সন্ধ্যার দু চোখ জুড়ে কামনার কাজল
রমনীর বুকে তার কর্তিত ফসল।

নিয়নের আলো জুড়ে মিথ্যে প্রেম
দেহ পেতে অপেক্ষায় সোনালী অতীত
সময়ের অসম প্রেম অসময় ঘিরে
আগামী লোভাতুর চোখে একাকী বসে
জীবন মাথা পেতে নেয় নীল দংশন
পূন্য বন্দক রেখে কিনেছি পাপ
রাতের কপোল জুড়ে হিসেবী চুম্বন
গোলায় উঠেছে সব অভিশপ্ত প্রভাত।